প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 21, 2025
মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর পুরান ঢাকার বংশালে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফি (২১) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার মা নুসরাত বেগম মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
রাফির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নুসরাত বেগম ছেলেকে নিয়ে মহিষের মাংস কিনতে বের হন। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। ঠিক সেই সময় ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে পাশের পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে থাকা ক্রেতাদের ওপর পড়ে।
রাফির মাথায় ইট আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত মা-ছেলেকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান জানান, নুসরাত বেগমের মাথায় গভীর জখম হয়েছে, সেলাই দিতে হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। মানসিক অবস্থার কারণে তাকে সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি।
হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকে শুয়ে থাকা নুসরাত কিছুক্ষণ পরপরই ছেলের খোঁজ জানতে চাইছেন। তাকে বলা হচ্ছে রাফি চিকিৎসা নিচ্ছে। কিন্তু তিনি আশ্বস্ত হতে পারছেন না; বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হওয়া মাত্র ভবন কাঁপতে থাকে এবং মুহূর্তের মধ্যে রেলিং ভেঙে মাটিতে আছড়ে পড়ে। এর নিচে চাপা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাফি।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।
অপূরণীয় স্বপ্ন নিয়ে চলে যাওয়া মেডিকেল ছাত্র রাফি ও আহত মাকে ঘিরে এখন পরিবারের মানুষজন ও প্রতিবেশীদের শোকের মাতম।
অসহায় মায়ের কান্না আর রাফির অপূর্ণ স্বপ্ন—পুরো এলাকাকে কাঁদাচ্ছে আজ।